চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে হেরোইন রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় নিহার কান্ত দাস (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ মার্চ) দায়রা জজ মো. মিজানুর রহমান এই আদেশ দেন। আসামির উপস্থিতিতে সেইসঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন তিনি।
নিহার রাজশাহীর তানোর উপজেলার পালপাড়া হিন্দুপাড়া গ্রামের নিমাই কান্ত দাসের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ বলেন, ২০২১ সালের ১২ আগস্ট বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল মোড়ে ৭৭০ গ্রাম হেরোইনসহ নিহারকে আটক র্যাব-৫। তাকে একমাত্র আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন র্যাব-৫-এর তৎকালীন ডিএডি মোক্তার হোসেন।
তিনি আরো বলেন, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওসমান গণি নিহারকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। সাতজনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানি শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. রবিউল ইসলাম।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































